বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ আলোচনা

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা সম্প্রসারণের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করার লক্ষ্যে এই বৈঠক হয়।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম দেশটির প্রতিরক্ষা বাহিনী ‘মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স’ (এমএনডিএফ)-এর প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে দুই দেশের সামরিক সক্ষমতা ও পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে উভয় পক্ষই নিজ নিজ দেশের প্রতিরক্ষা খাতের অভিজ্ঞতা, জ্ঞান বিনিময় এবং সামরিক প্রশিক্ষণসহ সম্ভাব্য বিভিন্ন শাখায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক আলোচনা করেন।