দেওয়ানগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড ও জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অপরাধে মো. সাইদুর মুন্সী (৪৫) নামে এক শিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. সাইদুর মুন্সী ওরফে সাইদুর রহমান জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক। আদালত সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ রায় দেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জের স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছিল। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটির বিচারকাজ পরিচালিত হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির উপস্থিতি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ দণ্ডাদেশ দেন।