ভোলায় প্রতিষ্ঠিত হওয়ার ২৫ বছর পর এইচএসসিতে পাসের হার শূন্য

ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা জালাল আহমেদ কলেজের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ২৫ বছর পর এমন বিপর্যয়কর ফলাফল ঘিরে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চরমানিকা ইউনিয়নে অবস্থিত এই কলেজটি থেকে এ বছরের এইচএসসি পরীক্ষায় মোট পাঁচজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেওয়া পাঁচজন পরীক্ষার্থীর মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেননি।
দীর্ঘ ২৫ বছর ধরে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসার পর শতভাগ অকৃতকার্য হওয়ার এ ঘটনায় কলেজটির শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। একটি অঞ্চলের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্যে নেমে আসায় স্থানীয় সচেতন নাগরিকেরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।