স্ত্রী পরিচয়ে এনসিপিতে যোগদানের খবর অস্বীকার করলেন গোলাম মাওলা রনি

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন রনি।
স্ত্রী পরিচয় অস্বীকার করলেন রনি
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে গোলাম মাওলা রনি দাবি করেছেন, গণমাধ্যমে যে নারীকে তার স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি তার স্ত্রী নন। ওই নারীর নাম ফারজানা আফরোজ হিসেবে উল্লেখ করা হয়েছে। রনি স্পষ্টভাবে জানিয়েছেন, ওই নারী তার স্ত্রী নন এবং এনসিপিতে যোগদানের সংবাদের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।