৩২ বছর পর পড়াশোনায় ফিরে ৫৪ বয়সে এইচএসসি পাস করলেন মজনু

গাজীপুরের শ্রীপুরে ৩২ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে ৫৪ বছর বয়সে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন আনোয়ার হোসেন মজনু কাইয়া। জিপিএ ৪.৬৩ পেয়ে কৃতিত্বের সাথে পাস করেছেন এই ব্যবসায়ী।
অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষার প্রতি অনুরাগের কারণে দীর্ঘ সময় পর পড়াশোনায় ফেরেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের বাসিন্দা মজনু কাইয়া। বয়সের বাধা অতিক্রম করে পরীক্ষা দিয়ে তিনি এই অসাধারণ ফলাফল অর্জন করেন।
বয়স যে বিদ্যা অর্জনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না, তা নিজের সাফল্যের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করেছেন। তাঁর এই অর্জনে স্থানীয় এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে এবং তাঁর এ প্রচেষ্টা সাধারণ মানুষের মাঝে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে।