২৫ কোটি টাকার কাঞ্চন-ডাঙ্গা সড়কের মাঝে ৪৬টি বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন-ডাঙ্গা সড়কের প্রায় পাঁচ কিলোমিটার অংশে শতাধিক বৈদ্যুতিক খুঁটি রেখেই নির্মাণকাজ শেষ করা হচ্ছে। ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের অন্তত ৪৬টি খুঁটি রয়ে গেছে একেবারে মাঝখানে। ফলে পাকা সড়ক চালুর আগেই যানবাহন ও পথচারীদের নিরাপদ চলাচল নিয়ে চরম উদ্বেগ ও দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় অধিবাসীদের অভিযোগ, সড়কজুড়ে বিদ্যুতের খুঁটিগুলো থাকায় চলাচলের পথ বিপজ্জনক হয়ে পড়েছে। খুঁটিগুলো অপসারণের জন্য একাধিকবার অনুরোধ জানানো হলেও তা সরানো হয়নি। খুঁটিগুলো রেখেই তড়িঘড়ি করে সড়ক নির্মাণের কাজ শেষ করা হচ্ছে।
দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী
সড়কের মূল অংশে এসব খুঁটি বিদ্যমান থাকায় রাতে ও দিনে চলাচলের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। অনাকাঙ্ক্ষিত অঘটন এড়াতে সড়কটি পুরোপুরি উন্মুক্ত করার আগেই বিদ্যুতের খুঁটিগুলো দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন তারা।