মালদ্বীপে কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে ফেনীর প্রবাসী মামুনের মৃত্যু

মালদ্বীপে কর্মস্থলে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে আবদুল্লাহ আল মামুন (৩৯) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার কাজ করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ আল মামুন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম মোকছদার রহমান।
পারিবারিক ও স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা ফেরাতে এবং নতুন জীবনের আশায় মাত্র আড়াই মাস আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন মামুন। প্রবাসজীবনের শুরুতেই কর্মস্থলে নিজের দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়।
মাত্র আড়াই মাসের মাথায় প্রবাসে আবদুল্লাহ আল মামুনের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তাঁর গ্রামের বাড়ি ফেনীর বালিগাঁও ইউনিয়নে এবং স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।